প্রিন্ট ভিউ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলীয় তদন্তে 'নৈতিক স্খলন' প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে দলীয় সূত্র জানায়, বিভিন্ন গণমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত খবরের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যায়। এরই ভিত্তিতে দলের গঠনতন্ত্রের ৬২ ধারা মোতাবেক তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।