প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ , বিকাল ০৫:০১।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ , ভোর ০৪:০৪

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষের


খাদ্য উৎপাদনে বাংলাদেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে। এতে আনুমানিক ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে ধারণা করা হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশটিতে মজুদ থাকা ইউরিয়া অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করার মতোই রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইউরিয়ার দাম বর্তমানে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

ডব্লিউএফপি আরও জানিয়েছে, চলমান এ সংকটের ফলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।